Previous
Next

সর্বশেষ

Saturday, May 2, 2020

উপসর্গ গোপন করবেন না: কাদের

উপসর্গ গোপন করবেন না: কাদের



শনিবার সকালে নিজের সরকারি বাসায় এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকারের কোভিড-১৯ টেস্টিং ক্যাপাসিটি অনেক বেড়েছে, অনেকের করোনাভাইরাসের উপসর্গ, লক্ষণ দেখা দিলেও টেস্ট না করিয়ে গোপন রাখছে, এতে বিপদ ডেকে আনছে।
“উপসর্গ বা লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথে হটলাইনে বা হাসপাতালে যোগাযোগে করার বিষয়টা সবাইকে লক্ষ্য রাখতে অনুরোধ করছি। গোপন না করে জরুরিভিত্তিতে টেস্ট করানোর আহ্বান জানাচ্ছি।”
বর্তমানে ঢাকা ও ঢাকার বাইরে মোট ৩১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছে ১৬টি প্রতিষ্ঠান।
সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন জানিয়ে ওবায়দুল কাদের তার উপর আস্থা রাখার আহ্বান জানান।
ত্রাণ কার্যক্রমে পরিবহন শ্রমিকদের অন্তর্ভুক্ত করাকে গুরুত্ব দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“জেলা প্রশাসন বা উপজেলার মাধ্যমে তালিকা অনুযায়ী যে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, এতে পরিবহন শ্রমিকসহ অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। জেলা উপজেলা প্রশাসন আশা করি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।”
গার্মেন্ট মালিকদের প্রতিশ্রুত রক্ষা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “তৈরি পোশাক কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই সংকটে কোনো প্রকার শ্রমিক ছাটাই বা লে-অফ করা হবে না। ঢাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা পরিচালনা করবে। বিভিন্ন জেলা এবং গ্রামে অবস্থান করা শ্রমিকদের বেতনের একটি অংশ দেয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরূৎসাহিত করা হবে।
“প্রকৃতপক্ষে আমরা দেখছি দলে দলে প্রতিদিন বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছেন; তারা বলছেন, অফিস থেকে ডাকা হয়েছে। আবার গতকাল শুনলাম গাজীপুরের একটি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে, ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিল না?”
তিনি বলেন, “সরকার এই খাতে সুরক্ষা দিতে ইতোমধ্যে নিম্ন সুদে প্রণোদনাসহ রপ্তানি খাতে সহযোগিতাসহ নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন দেশের সরকার প্রধানদের টেলিফোনে অনুরোধ জানিয়েছেন।
“আমরা আশা করি, বিশ্বাস করি এই সংকটে পোশাক শিল্পের মালিকগণ দয়ার মানসিকতা সৃষ্টি করে দৃষ্টান্ত সৃষ্টি করবেন। আপনারা জানেন শেখ হাসিনা সরকার আপনাদের পাশে রয়েছে, আপনারা শ্রমিক-কর্মী ভাইবোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই বা ফ্যাক্টরি লে-অফ থেকে বিরত থাকুন।”
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পুলিশ, ডাক্তার, সাংবাদিক, স্বাস্থ্যকর্মীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।
“দেশ ও জাতির এই সংকটকালে যারা নিবেদিত প্রাণ, নিশ্চয়ই জাতি তাদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করবে,” বলেন ওবায়দুল কাদের।
জামায়াতের সংস্কারপন্থিরা বলছেন ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার’ বাস্তবায়নের কথা

জামায়াতের সংস্কারপন্থিরা বলছেন ‘মুক্তিযুদ্ধের অঙ্গীকার’ বাস্তবায়নের কথা

‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামের এই দলের সদস্য সচিব হয়েছেন সাবেক জামায়াত নেতা ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।
শনিবার সকালে বিজয় নগরে ‘সায়হাম স্কাই ভিউ’ টাওয়ারে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণার পাশাপাশি ২২২ সদস্যের একটি আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়।
এ দলে আহ্বায়ক হিসেবে আছেন জামায়াতে ইসলামী থেকে পদত্যাগকারী এএফএম সোলায়মান চৌধুরী, যিনি একজন সাবেক সচিব।
দলের নাম ঘোষণার আগে সূচনা বক্তব্যে মঞ্জু বলেন, “আমরা মনে করি, মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল একটি শোষণমুক্ত ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। যারা এটা মানেন না বা বিশ্বাস করেন না এবং এই অঙ্গীকার ভঙ্গ করে রাষ্ট্রকে ভুল পথে নিয়ে এসেছেন তারা কেউ দেশের প্রকৃত বন্ধু নন।
“আমরা মনে করি, একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ ও বিজয় আমাদের জাতীয় ঐক্যের অন্যতম পাটাতন। এবি পার্টি এই পাটাতনকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে বদ্ধ পরিকর।”
মুক্তযুদ্ধ নিয়ে দলের অবস্থান সম্পর্কে জামায়াতের সাবেক এই নেতা বলেন, “আমরা মনে করি, মুক্তিযুদ্ধ ও পবিত্র ধর্ম নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি রাজনৈতিক অনৈক্য বিদ্যমান। মুক্তিযুদ্ধকে স্বীয় সম্পত্তি বা একক অর্জন মনে করে অন্যদের সবার অবদানকে অস্বীকার করা এবং গড়পড়তা সবাইকে দেশবিরোধী ভাবা স্পষ্ট হটকারিতা ও স্বাধীনতার অঙ্গীকারের চরম লংঘন।
“অনুরূপভাবে নিজেদের ধর্মের একমাত্র সোল এজেন্ট এবং বাকিদের পথভ্রষ্ট, নাস্তিক, বিপথগামী ও মুনাফেক ভাবা চরম অন্যায় ও অধার্মিকতা। এবি পার্টি ধর্ম ও মুক্তিযুদ্ধকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবে।”
মঞ্জু বলেন, “আমরা বিশ্বাস করি, দেশাত্মবোধ ও দেশপ্রেম, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা, রাষ্ট্রের পক্ষ থেকে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতি সমান আচরণ এবং সামাজিক সুবিচার ও সাম্যের ভিত্তিতে একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হলেই কেবল মানুষের মুক্তি মিলবে। এবি পার্টির প্রধান লক্ষ্য হল একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা।”
‘মতবাদ-মতাদর্শ যার যার, রাষ্ট্র আমাদের সবার’- শ্লোগানকে ধারণ করে দল পরিচালনার ঘোষণা দেন মুজিবুর রহমান মঞ্জু।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের দলে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছেন। মিসেস বেবী পাঠান এখানে আছে। উনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন নারী নেত্রী। উনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু লেফট ব্যাকগ্রাউন্ড। উনি জাতীয় পার্টিতে ছিলেন। ব্যারিস্টার ফুয়াদ (আসাদুজ্জামান ফুয়াদ) উনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। ব্যারিস্টার তাজুল ইসলাম সাহেব একজন প্রফেশনাল ল’ ইয়ার হিসেবে (যুদ্ধাপরাধীদের পক্ষের উকিল) সংযুক্ত ছিলেন, পার্টির (জামায়াতে ইসলামী) সাথে সংযুক্ত ছিলেন না। এভাবে এই দলে বিভিন্ন দলের লোকেরা আছে।
“আপনারা আমাকে দেখে হয়ত বলতে পারেন আমার একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। আমি মনে করি যে, একটা রাজনৈতিক দলের প্রত্যেকের অতীত ইতিহাস থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো মুসলিম লীগ করেছিলেন। তাই না? উনি সেখান থেকে এসে নতুন একটা ধারণা দিয়েছিলেন। অনেকে সব সময় বলে যে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমরা যে কথাগুলো বলছি খুবই সুস্পষ্ট। আমাদের কথা-বক্তব্য ও কর্মধারায় প্রমাণ হবে আমরা কোন রাজনীতি ধারণ করছি। সেটাকে আপনারা বিবেচনায় নেবেন।”
এবি পার্টির আহ্বায়ক হওয়ায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেন, “করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর এই ক্রান্তিলগ্নে আমার ওপর এই গুরু দায়িত্ব আপনারা অর্পণ করেছেন। কর্মজীবনে দেশের কল্যাণে আমি সাধ্যমতো ভূমিকা পালন করার চেষ্টা করেছি। দুর্নীতি ও লুটপাটের রাজনীতির পরিবর্তে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে জীবনের শেষ সময়টুকু আমি অতিবাহিত করতে চাই। আপনারা দোয়া করবেন।”
নতুন রাজনৈতিক এই উদ্যোগের আহ্বান নিয়ে দেশের যে প্রান্তে গেছেন সেখান থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের ‘অকুন্ঠ সমর্থন’ পেয়েছেন বলে দাবি করেন তিনি।
সোলায়মান চৌধুরী বলেন, “দেশের যে কোনো নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, যে কোনো নাগরিক আমাদের গঠনমূলক কঠোর সমালোচনা করতে পারেন। তাদের সমালোচনা আমাদেরকে পরিশুদ্ধ করবে এবং সামনে এগিয়ে চলার আলোকে আমাদেরকে পথ দেখিয়ে দেবে। সমৃদ্ধ বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনের আমি দেশবাসীকে শরিক হওয়ার আমি উদাত্ত আহ্বান  জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগ সফল হবে আমি আশা করি।”
সাধারণ ছুটি আরেক দফা বাড়ছে  ১৬ মে পর্যন্ত

সাধারণ ছুটি আরেক দফা বাড়ছে ১৬ মে পর্যন্ত




করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়ছে। এ দফায় ছুটি ১৬ মে পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রোববার নেয়া হবে বলে জানা গেছে।
সূত্রমতে, আজ (বোববার) করোনা পরিস্থিতির কারণে গঠিত টেকনিক্যাল কমিটির বৈঠকের সুপারিশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তবে জানা গেছে, আপাতত টানা ঈদ পর্যন্ত ছুটি ঘোষণার চিন্তা সরকারের নেই। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেন, ৬ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটি বাড়তে পারে। তবে এ বিষয়ে মূল পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় ছুটি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ও চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি লম্বা করা হয়। সর্বশেষ ছুটি আরো ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া সর্বশেষ প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।
জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে জানিয়ে ছুটির আদেশে আরো বলা হয়, প্রয়োজনে ওষুধশিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। এছাড়া, মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে। জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

Video Gallary